বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখন এক অনিবার্য নাম। বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগগুলোতে এই টাইগার পেসারের চাহিদা যেমন তুঙ্গে, তেমনি মাঠের পারফরম্যান্সেও তিনি প্রতিনিয়ত নজর কেড়ে চলেছেন। বর্তমানে মোস্তাফিজ মাতাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে বল হাতে বরাবরের মতোই উজ্জ্বল ছিলেন তিনি। হায়দরাবাদ কিংস্মেনের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় ১ উইকেট তুলে নিয়ে দলের ৬৯ রানের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফিজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাহোর কালান্দার্সের বোলিং ইউনিটের সামর্থ্য নিয়ে কথা বলেন দলটির অন্যতম সেরা পেসার হারিস রউফ। এসময় তিনি আলাদাভাবে মোস্তাফিজুর রহমানের প্রশংসায় মেতে ওঠেন। হারিস বলেন, তাদের দলের বোলিং লাইনআপ এতটাই শক্তিশালী যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন বৈচিত্র্যময় আক্রমণ খুব একটা দেখা যায় না। টি-টোয়েন্টির সেরা বোলাররা এই দলে আছেন উল্লেখ করে তিনি জানান, কন্ডিশন বুঝে পেস ও স্পিনের সঠিক কম্বিনেশন সাজাতে তাদের বেঞ্চেও মানসম্মত বোলার মজুদ রয়েছে। মোস্তাফিজের দলে অন্তর্ভুক্তি লাহোরের বোলিং শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে বিশ্বাস করেন এই পাকিস্তানি তারকা।
সংবাদ সম্মেলনে হারিস রউফ মোস্তাফিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলার পাশাপাশি বাংলাদেশের হয়ে অসাধারণ সব সাফল্য পেয়েছেন। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ বোলার। হারিস আরও যোগ করেন, তার ব্যক্তিগত লক্ষ্য থাকবে মোস্তাফিজের কাছ থেকে বোলিংয়ের বিভিন্ন সূক্ষ্ম কৌশল ও বৈচিত্র্য শিখে নেওয়া এবং পরবর্তীতে সেগুলো মাঠের লড়াইয়ে কাজে লাগানো।
উল্লেখ্য, পিএসএলে লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ আগামী ২৯ মার্চ, যেখানে তাদের প্রতিপক্ষ করাচি কিংস।
টিএইচএ/
