বিশ্বের মহাতারকাদের তালিকা করলে উপরের দিকেই থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসির নাম। তাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। এমনকি সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তিনি ঠিক কোন অবস্থানে থাকবেন এটা নিয়েও ফুটবল ভক্তদের মধ্যে আলোচনা যেন চলছেই। অসংখ্য অর্জন ও গৌরবে পরিপূর্ণ ক্যারিয়ার থাকা সত্ত্বেও জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ করেন আর্জেন্টাইন এই মহাতারকা। তরুণ বয়সে ইংরেজি না শেখার কারণে অনেক সময় নিজেকে অস্বস্তিতে পড়তে হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে খেলা এই ফরোয়ার্ড জানান, কম বয়সে ইংরেজি শেখার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি—এ নিয়ে তার গভীর অনুতাপ আছে।
মেক্সিকান পডকাস্ট মিরো দে আতরাস–এ দেওয়া এক সাক্ষাৎকারে ২০২২ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, একাধিকবার খ্যাতিমান বা আকর্ষণীয় ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হলেও ভাষাজ্ঞানের অভাবে ঠিকভাবে কথা বলতে না পারায় নিজেকে ‘অর্ধ-মূর্খ’ মনে হয়েছে তার। নিজের সময়কে যথাযথভাবে ব্যবহার না করার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
মেসি বলেন, ‘যখন আপনি বয়সে তরুণ থাকবেন, তখন বুঝতে পারবেন না। আমি সেই কথাগুলো এখন আমার সন্তানদের বলি, পর্যাপ্ত শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই তাদের বলি প্রাপ্ত সুবিধা যেন ভালোভাবে কাজে লাগায়। তারা অবশ্য আমার চেয়ে ভিন্ন পরিস্থিতি পার করছে, যদিও আমারও কোনো কিছুর অভাব ছিল না।’
এনআর/
