আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে আজ রোববার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও সাহিবজাদা ফারহানদের নিয়ে গঠিত এই দলটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের বরণ করে নেওয়ার ছবি পোস্ট করে দুই দলকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য শুভকামনা জানিয়েছে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরে গেলেও তাদের কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। সেখান থেকেই সরাসরি শনিবার ঢাকায় পৌঁছেছেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন। মিরপুরে অনুষ্ঠেয় এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ এখানে বড় ভূমিকা রাখবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা নয়ের মধ্যে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এর বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিতে হবে। বর্তমানে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকলেও বাংলাদেশ ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশের জন্য এই সিরিজটি পয়েন্ট সংগ্রহের বড় একটি সুযোগ। অন্যদিকে পাকিস্তান চাইবে তাদের অবস্থান আরও সুসংহত করতে। আগামী ১১ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
টিএইচএ/
