সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, উদ্বিগ্ন ভারত-ইসরায়েল

by hsnalmahmud@gmail.com

সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারাতে শুরু করেছে।

বুধবার রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও, যিনি দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন
banner

এদিকে, গত সপ্তাহে কাতারের দোহায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন প্রেক্ষাপটে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং বহু বছরের গভীর সহযোগিতার ফসল।” তবে পাকিস্তান সৌদিকে পারমাণবিক ছাতা দেবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, এটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি, যেখানে সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, দিল্লি চুক্তির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এর প্রভাব মূল্যায়ন করবে। যদিও সৌদি পক্ষের দাবি, ভারতের সঙ্গেও তাদের সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং আঞ্চলিক শান্তি রক্ষায় তারা কাজ চালিয়ে যাবে।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এক দেশের বিরুদ্ধে হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222