ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিমা কয়েকটি দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মর্দাওয়ি ফ্রান্সের সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের অধিকার ও ন্যায়ের সংগ্রামের বিজয়কে প্রতিনিধিত্ব করে।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া স্পষ্ট বার্তা দেয় যে দখলদার বাহিনী যত চেষ্টাই করুক না কেন, তারা কখনোই আমাদের জাতীয় অধিকার মুছে ফেলতে পারবে না।’
অন্যদিকে হামাসের আরেক মুখপাত্র এক বিবৃতিতে এ পদক্ষেপকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং তাদের অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি বলে অভিহিত করেছেন। তিনি আরও জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম (আল-কুদস)।
এদিকে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার পর পর্তুগালও ফিলিস্তিনকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক ও স্থায়ী অবস্থান হিসেবে তুলে ধরেন।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
