নিউইয়র্কে সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।
এনসিপি নেতারা বলেন, যুক্তরাষ্ট্রে সফররত এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
তারা বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশ ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি এবং তার সফরসঙ্গীরা। যার মধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও ছিলেন।
বিমানবন্দর থেকে বেরোনোর সময় আওয়ামী লীগের একদল নেতাকর্মী আখতার ও জারাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে আখতারের গায়ে ডিম ছোড়া হয়।
এআইএল/
