এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সূর্যকুমার যাদবের দল। নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান তোলে স্করবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় ১২৭ রানে।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। ডানহাতি এই ব্যাটার ৫১ বল খেলে করেন ৬৯ রান, যা দলের পক্ষে সর্বোচ্চ। তবে তার ইনিংসটি বেশ ভাগ্যবান ছিল বললেই চলে। এক ইনিংসে চারবার ক্যাচ আউটের হাত থেকে বেঁচে যান তিনি। প্রথমবার সাইফ জীবন পান ইনিংসের ১১.২ ওভারে। এরপর ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর করা প্রথম বলেই বাউন্ডারির দিকে ক্যাচ দেন, কিন্তু হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মার ভুল বোঝাবুঝিতে তা মিস হয়। একই ওভারের চতুর্থ বলে আবারও ক্যাচ দেন সাইফ, এবার মিস করেন উইকেটকিপার সঞ্জু স্যামসন। চতুর্থবারের মতো জীবন পান অভিষেক শর্মার হাত থেকে, যিনি আরেকটি সহজ ক্যাচ ছাড়েন।
এই অনন্য রেকর্ডের মাধ্যমে সাইফ হাসান যোগ দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে চারবার জীবন পাওয়া ক্রিকেটারদের ছোট্ট তালিকায়। এর আগে এমন কীর্তি গড়েছেন পাথুম নিশাঙ্কা, মোহাম্মদ হাফিজ এবং জেসন রয়। বাংলাদেশের ইনিংস থেমে যায় ১২৭ রানে, ফলে ৪২ রানের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
টিএইচএ/
