সিঙ্গাপুরের আল-ইস্তিকামা মসজিদ থেকে শূকরের মাংসযুক্ত একটি সন্দেহজনক প্যাকেজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় মুসলমানদের ভেতর ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে. শানমুগাম এই ঘটনাকে ‘আগুন নিয়ে খেলা’ বলে অভিহিত করেছেন।
কারণ সিঙ্গাপুরের মতো বহুসংস্কৃতির দেশে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড করা খুবই সংবেদনশীল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই উর্দু টাইমস সূত্রে জানা গেছে, মন্ত্রী বলেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, তবে সম্প্রতি আরও কিছু মসজিদে একই ধরণের মাংসের প্যাকেট পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ এই সমস্ত ঘটনার তদন্ত করছে।
জানা গেছে, সেরাঙ্গুন এলাকার আল-ইস্তিকামা মসজিদে পাঠানো প্যাকেটের মাংস দেখতে শূকরের মাংস বলে সন্দেহ করছে স্থানীয় মুসল্লীরা।
মন্ত্রী শানমুগাম বলেন, ‘যদি এটি সত্যিই শূকরের মাংস হয়ে থাকে এবং সহিংসতা ঘটনানোর জন্য মসজিদে পাঠানো হয়, তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হতে পারে। ধর্মীয় বিদ্বেষমূলক এই কাজটি অত্যন্ত বিপজ্জনক।’
পুলিশ বর্তমানে প্যাকেটের মাংস শূকরের মাংস কিনা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করছে।
শানমুগাম বলেছেন, মসজিদের মতো পবিত্র স্থানে যে ধরণেরই হোক না কেন, মাংস পাঠানো ‘স্পষ্টতই উসকানিমূলক’।
তিনি সতর্ক করে দিয়ে আরো বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর পুলিশ আল-ইস্তিকামা মসজিদে একটি সন্দেহজনক বস্তুর খবর পায়। সতর্কতা হিসেবে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স মসজিদটি খালি করে দেয়।
মন্ত্রী শানমু কিম বলেন, আমরা নিশ্চিত করব যে আমাদের উপাসনালয়গুলি নিরাপদ। এর আগে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে একটি সুপারমার্কেট থেকে দুটি ক্যান শুয়োরের মাংস চুরি করে বেদোক নর্থের আল-আনসার মসজিদের দরজায় রাখার অভিযোগে ১২ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সূত্র: মুম্বাই উর্দু টাইমস ও ইন্ডিয়া টুডে।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
