ক্রীড়া ডেস্ক :: আপনার কাছে আজব মনে হচ্ছে। সৌদি আরবের ক্লাবে খেলার প্রভাব যেনো রোনালদোর খেলোয়াড়ি জীবনে ছাপ পড়তে শুরু করেছে। পেনাল্টি কিকের আগে রোনালদোর মুখে উচ্চারিত হলো ‘বিসমিল্লাহ’। বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার ঠিক আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো আনমনে কি পড়েছিলেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের বড় একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন সিআর সেভেন। খবর দ্য সানের।
টরোন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর পর্তুগাল অধিনায়ক একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর, রোনালদো পেনাল্টি স্পট থেকে গোল করার আরেকটি সুবর্ণ সুযোগ পান।
৪১ বছর বয়সি এই ফুটবল তারকা এবার কোনো ভুল না করে বলটি জালের ঠিক মাঝবরাবর পাঠিয়ে ম্যাচটি ১-১ সমতায় ফেরান। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল।
তবে কিক নেওয়ার জন্য এগিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের সেকেন্ডগুলোতে রোনালদো নিজের সঙ্গে কথা বলছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ জোরালো দাবি করছেন যে, তিনি তখন ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) বলছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেনাল্টি কিকটি সফলভাবে নেওয়ার আগে স্পষ্টতই ‘বিসমিল্লাহ’ বলছিলেন বলে মনে হয়েছে।’
