আফজাল মুনীর >>>
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, “উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সাথেই এর প্রকৃত সংযোগ।” আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে আজ বৃহস্পতিবার মহেশপুর ডাক বাংলোস্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
ব্যারিস্টার কাজল বলেন, ঝিনাইদহ-৩ আসন সীমান্তঘেঁষা হওয়ায় এখানকার মানুষের জীবন-জীবিকার সাথে নিরাপত্তা, কৃষি, শিক্ষা ও চিকিৎসার বিষয়গুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি বলেন, “আমার লক্ষ্য হবে আসনটিকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা। সুশিক্ষা নিশ্চিত করা, কৃষির আধুনিকায়ন করা, যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করা।”
শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার
তিনি প্রতিশ্রুতি দেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে যাতে গ্রামীণ জনগণ সহজে চিকিৎসা সেবা পেতে পারে। কৃষির উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম এবং প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
গণতন্ত্র ও জনঅংশগ্রহণের অঙ্গীকার
ব্যারিস্টার কাজল বলেন, উন্নয়ন কেবল সরকারের একক দায়িত্ব নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয়। “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে জনগণই হবে উন্নয়নের মূল চালিকা শক্তি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সবার মতামত ও অংশগ্রহণ থাকবে,” তিনি যোগ করেন।
তিনি স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন গণতান্ত্রিক অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখে। “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরলে উন্নয়নের সঠিক দিকনির্দেশনা পাওয়া সম্ভব হয়,” মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় ঝিনাইদহের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সকলকে আসন্ন রাজনৈতিক কর্মপরিকল্পনায় সহযোগিতা করার আহ্বান জানান।
এনএ/
