যশোরের মণিরামপুরে মাঠে ঘাস কাটার সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তৃপ্তি মণ্ডল (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৃপ্তি মণ্ডল ওই গ্রামের অবনীশ মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রমতে জানা গেছে, তৃপ্তি মণ্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় প্রতিবেশী শংকর মণ্ডল (৫৫) তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।
নিহতের স্বামী অবনীশ মণ্ডল জানান, শংকর মণ্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনা সম্পর্কে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/
