মাদ্রাসায় ক্রিকেট চালুর উদ্যোগে খেলাফত যুব মজলিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

by Nur Alam Khan

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক দেশের কওমি ও আলিয়া মাদ্রাসায় ক্রিকেট টুর্নামেন্ট চালুর উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

আজ বুধবার (৮ অক্টোবর ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন বলেন, ‘মাদ্রাসা দ্বীনি শিক্ষা, নৈতিক মানবগঠন ও আদর্শ নেতৃত্ব তৈরির কেন্দ্র। এখান থেকে দ্বীনের দাওয়াত, সংগ্রাম ও চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়। সেখানে ক্রিকেট বা এ ধরনের বিনোদননির্ভর খেলা চালুর উদ্যোগ ইসলামী শিক্ষা ও মাদ্রাসার মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী।’

বিজ্ঞাপন
banner

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলাম খেলাধুলা নিষিদ্ধ করে না, তবে একে শরীরচর্চা ও স্বাস্থ্যরক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে—যা মাদ্রাসায় বিদ্যমানও রয়েছে। বর্তমানে খেলাধুলা বাণিজ্যিক ও নৈতিকতাবিমুখ বিনোদন শিল্পে পরিণত হয়েছে, যেখানে জুয়া, বাজি, অশ্লীলতা ও অপসংস্কৃতি যুব সমাজকে বিপথে নিচ্ছে। তাঁদের মতে, খেলাকে ঘিরে আজ বিশ্বজুড়ে চলছে অর্থপাচার ও নৈতিক অবক্ষয়ের মহোৎসব; কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে খেলাধুলায়, অথচ শিক্ষাখাত ও মানবিক সেবায় পর্যাপ্ত বিনিয়োগ নেই।

বিবৃতিতে বলা হয়, মাদ্রাসাকে খেলাধুলার আখড়ায় পরিণত করার মাধ্যমে তরুণ আলেমদের মনোযোগ দ্বীনি শিক্ষার পরিবর্তে জাগতিক বিনোদনের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে—যা একটি পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন। মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের জাতীয় ঐতিহ্য ও ইসলামী সংস্কৃতির প্রাণ, একে বিনোদনের মাধ্যমে বিকৃত করার চেষ্টা ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

খেলাফত যুব মজলিসের নেতারা জোর দিয়ে বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা খেলাধুলার নয়, বরং দ্বীনের পতাকা বহনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই মাদ্রাসার মর্যাদা ও উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখতে ক্রিকেট চালুর এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

বিবৃতিতে সংগঠনটি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, যুব সমাজকে খেলার নামে নৈতিক অবক্ষয়ের পথে না ঠেলে দিয়ে আদর্শ, ঈমানদার ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া উচিত।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222