চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন হাঙ্গেরির বিশিষ্ট ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্টকহোমে আয়োজিত সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, “প্রলয়ের বিভীষিকার মাঝেও শিল্পের অনন্ত শক্তির প্রতি আস্থা ফিরিয়ে আনে ক্রাসনাহোরকাইয়ের মনোমুগ্ধকর ও গভীর তাৎপর্যময় সৃষ্টিকর্ম।”
১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই ১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘সাতান্তাঙ্গো’ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। পতনোন্মুখ গ্রামীণ সমাজের অন্ধকার ও বিস্ময়কর প্রতিচ্ছবি তুলে ধরা এই উপন্যাসটি ২০১৩ সালে ইংরেজি অনুবাদের জন্য ‘বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ড’ লাভ করে।
নোবেল বিজয়ী হিসেবে তিনি পুরস্কারের অর্থমূল্য এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন। আগামী ১০ ডিসেম্বর, সুইডেনের স্টকহোমে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।
হাআমা/
