মো: নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। জলকামান থেকেও পানি নিক্ষেপ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত মানুষেরা ছোটাছুটি করতে থাকেন।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশকে বারবার অনুরোধ করার পরও তারা সম্মেলন করতে দেয়নি।
এদিকে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে জন্য তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’
পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন, ‘তারা ছোটো করে সমাবেশ করলে অসুবিধা ছিল না। দুইটা গ্রুপ অনুমতি না নিয়ে হঠাৎ করে রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে বড় সমাবেশ করেছে। এজন্য সাউন্ড গ্রেন্ডেড নিক্ষেপ করতে হয়েছে।’
এআইএল/
