ঘানার উত্তর-পূর্বাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৩ অক্টোবর) টিআরটি গ্লোবাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ওতি অঞ্চলের কারাচি ওয়েস্ট জেলায় অবস্থিত ভোলটা নদীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে থাকা যাত্রীরা ওকোমা থেকে বোওয়িমে যাচ্ছিলেন।
নদীতে নৌকাটি ডুবে যাওয়ার পর অন্তত ৪ জন জীবিত উদ্ধার হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটিতে অনুমোদিত সীমার চেয়ে বেশি যাত্রী ওঠায় দুর্ঘটনা ঘটে।
ঘানার কর্মকর্তারা ঘটনাটিকে একটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছেন। দেশটিতে এ ধরনের নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে, যা সাধারণত অতিরিক্ত যাত্রী তোলা বা পানিতে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে ঘটে।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
