বোন জামাইয়ের হাতে শ্যালক খুন; পিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন

by naymurbd1999@gmail.com

টাঙ্গাইলের ধনবাড়ীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামার পরিকল্পনায় বোন জামাইয়ের হাতে শ্যালক খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল জেলার তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সকালে ধনবাড়ী থানার নাথেরপাড়া এলাকার মামুন মিয়ার জমির পাশে ঝোপের মধ্যে রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা ছাহেরা বেওয়া (৫৮) বাদী হয়ে ১২ জনকে আসামি করে ধনবাড়ী থানায় মামলা (নং–০১, তারিখ–০৩/০২/২০২২) দায়ের করেন। মামলাটি প্রথমে ধনবাড়ী থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই টাঙ্গাইল জেলাকে তদন্তভার দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. আলমগীর কবিরের নেতৃত্বে পিবিআই টাঙ্গাইল তদন্ত শুরু করে জানতে পারে, এজাহারনামীয় আসামিরা কেউই প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত নন। পরবর্তীতে ১২ অক্টোবর ২০২৫ রাতে পিবিআই ধনবাড়ীর নাথেরপাড়া এলাকা থেকে সন্দেহভাজন আসামি মকবুল (৫৫)কে গ্রেফতার করে।

আদালতে মকবুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে মকবুল জানান, ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি ও গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রফিকুলের সঙ্গে তার মামা রেহান, মামাতো ভাই আলম, জলিল, সেকান্দার, হাফিজুর এবং বোন জামাই মকবুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। কয়েকদিন আগে রেহানের বাড়িতে বসে তারা মিলে রফিকুলকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, আলম ধানের ক্ষেতের পাশে একটি চাপাতি লুকিয়ে রাখে এবং মাদক সেবনের কথা বলে রফিকুলকে সেখানে ডেকে আনে। উপস্থিত মকবুল, হাফিজুর, রেহান, জলিল ও সেকান্দার লাঠি দিয়ে রফিকুলকে এলোপাতাড়ি মারধর করে। পরে আলম চাপাতি দিয়ে রফিকুলের মাথা ও মুখে আঘাত করে হত্যা করে। এরপর তারা লাশ স্থানীয় মামুন গংদের বিরোধপূর্ণ জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222