কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, ইসরায়েল-হামাস শান্তি চুক্তি স্বাক্ষরের পর গাজার পুনর্গঠনে সহায়তা হিসেবে তার দেশ মাদক কারবারিদের কাছ থেকে জব্দ করা সোনা পাঠাবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো জানান, জব্দ করা এই সোনা গাজার সংঘাতে আহত শিশুদের চিকিৎসা সহায়তায়ও ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, কলম্বিয়া জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে, যাতে গাজা পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া যায়।
এর আগেও কলম্বিয়া মানবিক সহায়তার ভিত্তিতে ফিলিস্তিনি শিশুদের সহায়তা প্রদান করেছে।
প্রেসিডেন্ট পেত্রো দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের একজন সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। তিনি ইসরায়েলের সামরিক অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য সমালোচক এবং সংঘাতের অবসানের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে, যার মধ্যে ২০ বিলিয়ন ডলার আগামী তিন বছরের মধ্যে বিনিয়োগ হিসেবে ব্যয় করতে হবে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
