৩৬ নিউজ ডেস্ক :: নবীজির সিরাত আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন রাবেতা আলমে ইসলামির মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা। তিনি বলেন, জাদুঘরটির মূল লক্ষ্য হলো মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। তিনি বলেন, ইন্টার্যাকটিভ প্রযুক্তির সাহায্যে সিরাতের ঘটনাগুলোকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা শুধু পড়েই নয়, দৃশ্য ও অভিজ্ঞতার মাধ্যমেও তা উপলব্ধি করতে পারেন। এ সময় তিনি আধুনিক প্রযুক্তির সাহায্যে নবীজির জীবনীকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার তাগিদ দেন।
গত রবিবার মরক্কোর সংস্থাটির সদর দপ্তরে সীরাত বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থার মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।
তিনি আরও জানান, জাদুঘরটিতে বিপুলসংখ্যক অমুসলিম দর্শনার্থীও এসেছেন এবং তারা এর বিষয়বস্তু ও উপস্থাপনার প্রশংসা করেছেন।
মূলত মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত আন্তর্জাতিক সিরাত জাদুঘর ও ইসলামি সভ্যতা জাদুঘরের শাখায় দর্শনার্থীর সংখ্যা এক কোটিতে পৌঁছেছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সেখানে অংশ নেন রাবেতা আলমে ইসলামির মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংস্থাটির সদর দপ্তরে, যেখানে জাদুঘরটির শাখা পরিচালিত হচ্ছে। এতে ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের মুফতি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, আলেম, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মরক্কোর আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রী আহমেদ আত-তাওফিক, মোহাম্মাদিয়া লিগ অব স্কলার্সের মহাসচিব আহমেদ আব্বাদি এবং আইসেস্কোর মহাপরিচালক সালেম আল-মালিক। এছাড়া বিভিন্ন দেশের মুফতি ও আলেমরাও বক্তব্য দেন।
