লেবাননের বিচার বিভাগ লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পুত্র হানিবাল গাদ্দাফিকে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালত শর্তসাপেক্ষে হানিবাল গাদ্দাফির মুক্তির আদেশ দিয়েছে। তিনি ‘বিলিয়ন ডলার জামিন দিয়ে মুক্তি পেতে পারেন, তবে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নিয়ে আসা হয়, পরে লেবাননের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।
এর আগে হানিবাল গাদ্দাফি ট্রায়াল ছাড়াই দীর্ঘদিন আটক থাকার প্রতিবাদে অনশন শুরু করেছিলেন।
লেবাননের শিয়া সম্প্রদায়ের অভিযোগ ছিল, ১৯৭৮ সালে নিখোঁজ শিয়া নেতা ও তৎকালীন আমল আন্দোলনের প্রধান মুসা আল-সাদরের নিখোঁজের বিষয়ে হানিবাল গাদ্দাফি তথ্য গোপন করেছিলেন, যদিও তখন তিনি ছিলেন কিশোর।
শিয়া সম্প্রদায় আরও অভিযোগ করে যে কর্নেল মুয়াম্মার গাদ্দাফিই মুসা আল-সাদর ও তার দুই সহযোগীকে ত্রিপোলি সফরের সময় অপহরণ করিয়েছিলেন। তবে লিবিয়ার তৎকালীন সরকার সেই অভিযোগ অস্বীকার করে বলেছিল, ওই তিনজনকে লিবিয়ায় নয়, বরং ইতালিতে পাঠানো হয়েছিল।
সূত্র: আল জাজিরা।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
