ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পুলিশের আচরণে অতিষ্ঠ হয়ে প্রায় ২ ডজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি (হিজড়া) একযোগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোর শহরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে প্রায় ২৪ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে একসঙ্গে বিষাক্ত ফিনাইল পান করতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা তাদের এক সঙ্গীর ওপর দুই ব্যক্তির যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে আন্দোলন করছিলেন। তবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে তারা প্রতিবাদস্বরূপ ফিনাইল পান করেন।
বিষপান করা সবাইকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে এবং তাদের গ্রেপ্তারের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনার পর ভারতের বিভিন্ন শহরে তৃতীয় লিঙ্গের কমিউনিটি ক্ষোভ প্রকাশ করেছে এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের দাবি জোরদার হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
