পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিরসনে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটি দুই দেশের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য গৃহীত সমঝোতা প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের অব্যাহত অঙ্গীকার রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা নিরসনের এই চুক্তি একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই অবস্থানকেও প্রতিফলিত করে—যে অবস্থান অনুযায়ী আন্তর্জাতিক সমাজ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তকে স্বীকৃতি দেয়।
সূত্র: আল আরাবিয়া, জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
