বোরকা পরায় ঢাবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

by hsnalmahmud@gmail.com

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোরকা ও নিকাব পরার কারণে এক নারী শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা (জুলজি) বিভাগের সামনে। অভিযোগকারী শিক্ষার্থী জানান, এক অপরিচিত নারী তার গায়ে থুতু নিক্ষেপ করে বলেন, ‘সব পাকিস্তানি, মুখ পুড়িয়েছে যে মুখ ঢেকে রেখেছিস?’ এরপর ওই নারী শিক্ষার্থীর হাত ধরে টান দেন এবং বলেন, ‘হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস? আগুনে পুড়েছে নাকি?’

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নাফিসা সামিহা মায়িশা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেওয়ার পর ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না সাংবাদিকদের বলেন, “আমরা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাইনি। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনো ফুটেজ পাওয়া যায়নি। এমন গুরুত্বপূর্ণ এলাকা এখনও অরক্ষিত।”

তিনি আরও বলেন, “প্রক্টর অফিস আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে। কিন্তু একজন ভিকটিমের জন্য দুই দিন অনেক দীর্ঘ সময়। শিক্ষার্থীটি মানসিকভাবে এতটাই ট্রমায় আছে যে স্বাভাবিকভাবে কথা বলতেও পারছে না।”

তামান্না হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ঘটনার সমাধান না হলে বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হবে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করতে পারে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, যাতে বিষয়টি সহিংসতায় রূপ না নেয়।”

এর আগে, ভুক্তভোগী শিক্ষার্থী নিজ ফেসবুক পোস্টে লিখেছিলেন, “ক্লাস শেষে কার্জন হল থেকে ফিরছিলাম। জুলজি ডিপার্টমেন্টের সামনে এক আপু আমার গায়ে থুতু নিক্ষেপ করে বিশ্রী ভাষায় গালাগাল করে বললেন— ‘তুই ওখানকার মেয়ে না, সব পাকিস্তানি।’ এরপর আমার হাত ধরে বললেন, ‘হাত কি দেখতে খারাপ যে ঢেকে রেখেছিস? আগুনে পুড়েছে নাকি?’ আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিলাম, কিছুই বলতে পারিনি। চোখ দিয়ে পানি পড়ছিল। অনেক কষ্টে হাত ছাড়িয়ে দৌড়ে হলে ফিরে আসি।”

তিনি আরও লেখেন, ‘হঠাৎ করে হাত ধরে বলল, হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস? আগুনে পুড়েছে নাকি? দেখি,দেখি। আর অনেক বিশ্রী গালি তো আছেই। আমি যে কিছু বলব, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। অনেক কষ্টে হাত ছাড়িয়ে দৌড়ে হলে এসেছি। এখনো মনে হচ্ছে গালিগুলো কানে ভাসছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222