নিজস্ব প্রতিবেদক :: ভাইরাল সিদ্দিক এবার আরও ভাইরাল হয়ে গেলেন দানবাক্স চুরি করে! আদতে তিনি চোর নন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন ‘ভাইরাল সিদ্দিক’ খ্যাত মাওলানা খান মোহাম্মদ আবুবকর সিদ্দিক। ভিডিওতে তাকে একটি দানবাক্স থেকে টাকা তুলতে দেখা যায়। প্রথম দিকে অনেকে একে চুরি বলে দাবি করলেও পরে জানা যায়, ওই দানবাক্সগুলো তার নিজের প্রতিষ্ঠানের।
নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, তিনি ২০০৮ সালে এই সংগঠনটি গঠন ও নিবন্ধন করেন। ঢাকা শহরে তাদের ১৫-১৬টি দানবাক্স রয়েছে। এসব দানবাক্সের অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব তার প্রতিষ্ঠানের। এই অর্থ নওমুসলিমদের সহায়তায় ব্যয় করা হয়।
তিনি বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি গত ১৯ এপ্রিল মোহাম্মদপুরে ধারণ করা হয়। তিনি দানবাক্স খুলে নিয়মিত অর্থ সংগ্রহের অংশ হিসেবে টাকা বের করছিলেন। এ সময় এলাকার একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাকে চুরি করছেন বলে ভিডিও ধারণ করে। পরে তাকে একটি কক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে মারধর করা হয়।’
আবুবকর সিদ্দিকের অভিযোগ, তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়। পরে তিনি তিনজন নিকটাত্মীয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এনে তাদের দেন। এরপর তিনি রক্ষা পান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
ভাইরাল সিদ্দিক দাবি করেন, এটি কোনো চুরির ঘটনা নয়। কিশোর গ্যাংয়ের সদস্যরা তার সুনাম ক্ষুণ্নের উদ্দেশে অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ‘ভাইরাল সিদ্দিক’। অতীতে একাধিকবার তিনি হামলা ও মারধরের শিকার হয়েছেন।
