বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর পেশ ইমাম মুফতী মুহিববুল্লাহিল বাকী আন নদবী ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
গতকাল ২১ মে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
ইমাম পরিষদ সভাপতি বলেন, নদভী সাহেব মধ্যমপন্থী আলেম ও ইসলামী গবেষক হিসেবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও প্রচলিত শিক্ষা ধারায় সমানভাবে শিক্ষিত একজন আলেম। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন।
দেশে প্রথমবারের মতো পেশাদার একজন আলেম ও মসজিদের ইমাম এমন প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন, মুফতি মুহিববুল্লাহিল বাকী আন নদবী দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমত, বায়তুল মোকাররমে ইমামতি ও ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর মতো একজন বিশিষ্ট অভিজ্ঞ আলেম ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও জনকল্যাণমুখী হয়ে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, তাঁর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয় শিক্ষা, মসজিদভিত্তিক কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ ও ইসলামী সংস্কৃতি বিকাশে নতুন মাত্রা যোগ করবে। আমি মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
হাআমা/
