মঙ্গলবার (১৯ মে-২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামিআ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনায় বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে ‘দায়িত্বশীল সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন কওমী মাদরাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, নাযেমে তালিমাত ও নাযেমে দারুল ইকামাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও দারুল উলূম খুলনার মুহতামিম হযরতুল আল্লাম মাওলানা মুশতাক আহমাদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি মাদরাসাকে সুশৃঙ্খল ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সঠিক পরিচালনার নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি মাদরাসায় তালিম ও তরবিয়তের মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের নৈতিক গঠন এবং দ্বীনি পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত পরিষদের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘একটি মাদরাসার সফলতা নির্ভর করে সুষ্ঠু পরিচালনা, উন্নত তালিম ও কার্যকরী তরবিয়তের উপর। শিক্ষার্থীদেরকে যুগোপযোগী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নের প্রতিও সমান গুরুত্ব দেওয়া জরুরি। তিনি বলেন, দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কওমী মাদরাসাগুলোকে আরও সমৃদ্ধশালী ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।’
পরিষদের মহাসচিব ও যশোর সতীঘাটা মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ তাঁর বক্তব্যে মাদরাসার তালিম-তরবিয়তের গুরুত্ব তুলে ধরে বলেন, কেবল পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন, আমল-আখলাক ও আদব-শিষ্টাচার শিক্ষার মাধ্যমেই একটি আদর্শ প্রজন্ম তৈরি করা সম্ভব। এ লক্ষ্যে মাদরাসা পরিচালকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্মেলনে কওমী মাদরাসাগুলোর তা’লিম-তারবিয়তের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষা উন্নয়নের জন্য যুগোপযোগী ব্যবস্থাপনার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।
দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মুফতী গোলামুর রহমান, মুফতী কামরুল আনোয়ার নাঈম, মুফতী মানজুর আহমাদসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীল নেতৃবৃন্দ।
হাআমা/
