আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরদী বাসস্ট্যান্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরদী পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় মনোহরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক অটো-সিএনজি চালক জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম। তিনি নবযোগদানকারী শ্রমিকদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়বিচারের আন্দোলনে সবসময় পাশে আছে। শ্রমিকরা সমাজ ও অর্থনীতির মূল চালিকা শক্তি— তাদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর জামায়াতের আমির মো. আসাদুজ্জামান নূর, পৌর সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দক্ষিণ পেশাজীবী বিভাগের সভাপতি এডভোকেট মারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবযোগদানকারী শ্রমিকদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে সমাপ্তি ঘটে।
এমএআর/
