‘প্রয়োজনে নির্বাচন দুইমাস পর করেন, কিন্তু গণভোট ছাড়া নির্বাচন হবে না’

by hsnalmahmud@gmail.com

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা, তফসিলের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিসহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদানপূর্ব জমায়েত অনুষ্ঠিত হয়।

রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জমায়েতে দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি সংস্কারকে বারংবার বাঁধাগ্রস্থ করেছে, তারা রাষ্ট্র সংস্কার চায় না, সুষ্ঠু ধারার রাজনীতি চায় না। তাদের সিনিয়র নেতাদের কথাবার্তায় এটা বারংবার স্পষ্ট হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে দেশকে আর কোন অবস্থায় আগের পরিস্থিতিতে ফিরে যেতে দেয়া যাবে না। তাই সংস্কার করতেই হবে। সেজন্য অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে এবং জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে তফসিলের আগেই গণভোট দিতে হবে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে রাজপথে নামতে হবে, দাবি আদায়ে আন্দোলন করতে হবে তা আমরা ভাবি নাই, কিন্তু অন্তর্বতিকালীণ সরকার আমাদেরকে বাধ্য করেছে। তাদের তিনটা অঙ্গিকার ছিলো। আমরা বলবো, সেই অঙ্গিকার বাস্তবায়ন করুন। সংস্কারের জন্য কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, সনদে সাক্ষর হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে, সংস্কার বাস্তবায়নে গণভোটের বিষয়েও সকলে একমত হয়েছে; এখন গড়িমসি কিসের? আগামী ১০ তারিখের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে আমরা ঢাকায় লোকে লোকারণ্য করে সমাবেশ করবো;ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, দ্রুতই গনভোটের তারিখ ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে না। দুইটার তফসিলও একসাথে হবে না। আমরা নভেম্বরে গণভোটের বিষয় বারংবার বলেছি। আপনারা কালক্ষেপন করেছেন। এখন যদি নভেম্বর গণভোট করতে না পারেন তাহলে যেদিন-ই দেন গণভোট আগে হতে হবে। প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না; দুইমাস পরে করেন। কিন্তু গণভোট ছাড়া কোন জাতীয় নির্বাচন হবে না। রাষ্ট্র সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না। কারণ রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের তরুণ ছাত্র-জনতা জীবন দিয়েছে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। আন্দোলন ক্রমে তীব্র হবে। আপনারা আন্দোলন চাইলে আন্দোলনই হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা বলে সংস্কার চায় না তাদের সাথে আমাদের সমঝোতা করতে বলেন? যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে, যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় তাদের সাথে সে সমঝোতা করতে বলেন? এটা তামাশা।

পল্টন মোড়ে জমায়েতে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

জমায়েত শেষে গণমিছিলসহ প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি জমা দিতে যান। প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার মুহাম্মাদ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদসহ আটদলের শীর্ষ নেতৃবৃন্দ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222