শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

by hsnalmahmud@gmail.com

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবে চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এতে নবীন শিক্ষকরাও অংশ নেবেন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো— দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিজ্ঞাপন
banner

আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, “শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির দাবিতে অবস্থান নেবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

তিনি বলেন, “কর্তৃপক্ষ আলোচনা করতে চাইছে, কিন্তু আমরা বহুবার কথা বলেছি, কাজ হয়নি। এবার রাজপথেই দাবি আদায় করে ফিরব।”

খায়রুন নাহার লিপি আরও জানান, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার আদেশ দেয়। তবে সহকারী শিক্ষকরা এতে অসন্তুষ্ট।

তার ভাষায়, “বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রিধারী হয়েও দশম গ্রেড পান। নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশের সাব-ইন্সপেক্টররাও নিম্নতর শিক্ষাগত যোগ্যতা নিয়েও একই গ্রেডে আছেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও ১৩তম গ্রেডে বেতন পান। এটি অবিচার।”

নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বলেন, “প্রাথমিক শিক্ষা দেশের মূলভিত্তি। এই স্তরের শিক্ষকরা জাতি গঠনের প্রথম সারিতে কাজ করেন। তাই তাদের ন্যায্য মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করা সময়ের দাবি। দশম গ্রেড দেওয়া এখন একেবারেই যৌক্তিক।”

অন্যদিকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ একাদশ গ্রেডে বেতনসহ উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

তাদের ঘোষণা অনুযায়ী, দাবি পূরণ না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে অগ্রগতি না হলে ১১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করবেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222