ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের তৈরি আমজনগণ পার্টি ২ কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুললেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে অনশন অবস্থায় তিনি এমন অভিযোগ তোলেন। টানা ১০০ ঘণ্টার ওপরে তিনি অনশন করছেন।
তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আমজনগণ পার্টি) ২ কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলব, এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।
নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কি না? অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কিসের আলোচনা? ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।
তারেক রহমান বলেন, তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।
গত ৪ নভেম্বর থেকে নিবন্ধনের দাবিতে ইসির মূল ফটকের সামনে অনশন করছেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ইসির একজন যুগ্ম সচিব গত বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি।
এআইএল/
