প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছিল আর্সেনাল। কিন্তু অতিরিক্ত সময়ে হজম করা গোল তাদের জয় থেকে বঞ্চিত করল। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে সান্ডারল্যান্ডের মাঠে ২-২ গোলে ড্র করেছে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখার পর অবশেষে গোল হজম করল মিকেল আর্তেতার দল। পুরো অক্টোবর মাসে একটি গোলও খায়নি গানাররা; সেই সময়ে টানা আট ম্যাচ জিতেছিল তারা। এবার প্রিমিয়ার লিগে আট মৌসুম পর খেলা সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল হজম করল তারা।
ম্যাচে বেশ দাপট দেখিয়েই খেলেছে আর্সেনাল। তবে দুই অর্ধে দুটি গোল খাওয়ায় পূর্ণ পয়েন্টের দেখা পায়নি তারা।
৩৬ মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল বালার্ড। প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় অতিথিরা। বিরতির পর ৫৪ মিনিটে বুকায়ো সাকার গোলে স্কোরলাইন ১-১ করেন আর্তেতার শিষ্যরা।
৭৪ মিনিটে লেয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল আর্সেনাল। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ে ব্রায়ান ব্রবির দারুণ এক চিপ শটে সমতা ফেরায় সান্ডারল্যান্ড। ফলে ভাগ হয়ে যায় পয়েন্ট।
১১ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সান্ডারল্যান্ড।
টিএইচএ/
