আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি, যিনি প্রথমবারের মতো টেস্ট ম্যাচে আম্পায়ারিং করবেন।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হবে ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের। এখন পর্যন্ত তিনি পরিচালনা করেছেন ২৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং প্যানেলে ছিলেন নোগাজস্কি। সেই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচে তার একটি সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। মাহমুদউল্লাহ রিয়াদকে এলবিডব্লিউ আউট দেওয়ার সময় বল লেগ স্টাম্পের বাইরে থাকলেও, তার সিদ্ধান্তের কারণে বাংলাদেশ লেগ বাই থেকে ৪ রান হারায়। পরে ঠিক সেই ব্যবধানেই ম্যাচটি হেরে যায় টাইগাররা।
এবার সেই নোগাজস্কিই দায়িত্ব পালন করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই।
প্রথম টেস্টে তার সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা, আর থার্ড আম্পায়ার হবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। দ্বিতীয় টেস্টে অন-ফিল্ডে থাকবেন ইলিংওয়ার্থ, আর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা।
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই দায়িত্ব পালন করবেন দেশি আম্পায়াররা। শেষ টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সাথিরা জাকির জেসি।
পুরো সিরিজে—টেস্ট ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই—ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট, যিনি সম্প্রতি এশিয়া কাপে আলোচনায় এসেছিলেন একাধিক সিদ্ধান্তের কারণে।
একনজরে ম্যাচ অফিসিয়াল তালিকা
| ম্যাচ | অন ফিল্ড আম্পায়ার | টিভি আম্পায়ার | চতুর্থ আম্পায়ার |
| প্রথম টেস্ট | আহসান রাজা ও স্যাম নোগাজস্কি | রিচার্ড ইলিংওয়ার্থ | তানভির আহমেদ |
| দ্বিতীয় টেস্ট | স্যাম নোগাজস্কি ও রিচার্ড ইলিংওয়ার্থ | আহসান রাজা | মাসুদুর রহমান মুকুল |
| প্রথম টি–টোয়েন্টি | গাজী সোহেল ও মোর্শেদ আলি খান | মাসুদুর রহমান মুকুল | তানভির আহমেদ |
| দ্বিতীয় টি–টোয়েন্টি | মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলি খান | তানভির আহমেদ | সাথিরা জাকির জেসি |
| তৃতীয় টি–টোয়েন্টি | মাসুদুর রহমান মুকুল ও তানভির আহমেদ | সাথিরা জাকির জেসি | মোর্শেদ আলি খান |
