হাসান আল মাহমুদ >>
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নুরুল হুদা ফয়েজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) আছরের নামাজের আগে তিনি ঝালকাঠির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রখ্যাত রাজনীতিবিদ ও প্রাজ্ঞ আলেম হিসেবে তিনি সারা দেশে পরিচিত ছিলেন।
এদিকে আল্লামা নুরুল হুদা ফয়েজির ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছ রাজনীতি ও ইসলামি অঙ্গনে।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে। সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ শোকবার্তায় বলেন— “আল্লামা নুরুল হুদা ফয়েজী ছিলেন দেশের ইলমি, রূহানি ও রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দ্বীনের খেদমতে তিনি আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ইন্তেকালে জাতি এক প্রাজ্ঞ আলেম ও বিজ্ঞ অভিভাবককে হারালো।”
একইভাবে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেন, “আল্লামা নুরুল হুদা ফয়েজী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আল্লাহ তাঁর নেক আমলসমূহ কবুল করুন ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন।”
এদিকে জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া এক শোকবার্তায় বলেন, “আল্লামা নুরুল হুদা ফয়েজী ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নিবেদিতপ্রাণ দাঈ ও ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি এক মহামূল্যবান দ্বীনি সম্পদ হারালো। উম্মাহর রাহবারদের এমন এক স্থান শূন্য হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।”
এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর-এর আমীর মাওলানা মাহবুবুর রহমানও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “মাওলানা নূরুল হুদা ফয়েজী ছিলেন কর্মবীর ও বহুমুখী প্রতিভার অধিকারী একজন আদর্শ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
নেতৃবৃন্দ সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার, ছাত্র ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জাতির প্রতি দোয়ার আহ্বান জানান।
হাআমা/
