বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বিলম্ব করার কোনো যৌক্তিক কারণ নেই। বিলম্বের ফলে অগণতান্ত্রিক শক্তি অডিও-ভিডিও মাধ্যমে হিংস্র বক্তব্য প্রচার করছে, লকডাউনের হুমকি দিচ্ছে, বিদেশ থেকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে, এসব ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘জিয়াউর রহমান আর্কাইভ’ প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, লক্ষ্য করছি, কিছু মিডিয়া নির্দিষ্ট কিছু ঘটনা প্রচার করে নিষিদ্ধ ঘোষিত দলগুলোর হিংসাত্মক কর্মকাণ্ডকে ফলাওভাবে তুলে ধরছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক আন্দোলনশক্তি সমর্থন করলেও সরকারের ভেতরেই দু-একটি ‘ভূত’ সক্রিয় রয়েছে, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শক্তির নিষ্ঠুরতার চেহারা অনেক আগেই স্পষ্ট হয়েছে। তারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে বাসে আগুন দেয়া, মানুষ পুড়িয়ে হত্যা, এমন জঘন্য কাজ করেছে। বিরোধীদের ওপর এসব দায় চাপানো হলেও আমরা প্রমাণ করেছি, এসব সরকার পরিকল্পিতভাবে ঘটিয়েছে। কুমিল্লা, রংপুর ও ঢাকায় বাসে আগুনের ঘটনাগুলো তারই অংশ। এখন আবার একই ধরনের সহিংসতা শুরু হচ্ছে, ময়মনসিংহে একজন মিনিবাস চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
এআইএল/
