ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব মামলা করা হয়।
এছাড়া রয়টার্সও বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দা লাগিয়ে সরাসরি সম্প্রচারটি দেখানো হবে।
মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ রায় দেওয়া হবে।
রায়ের বিষয়ে রোববার (১৬ নভেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, ‘আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আগামীকাল এই রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে অন্য টেলিভিশনও বিটিভি থেকে তা সম্প্রচার করতে পারবে।’
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। অন্য দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এআইএল/
