ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ব্যারাকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওহিদুর রহমানের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানার ব্যারাকসংলগ্ন বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হঠাৎ এ ঘটনা থানা ও দক্ষিণ বিভাগজুড়ে শোকের পাশাপাশি রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। নিহত এএসআই ওহিদুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের অধীনে দায়িত্বরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আলমগীর বলেন, “এএসআই ওহিদুর গতকাল রাতেও নিয়মিত নাইট ডিউটি করেছেন। সকালে গোসলের জন্য থানার বাথরুমে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। প্রাথমিকভাবে কোনও সুস্পষ্ট কারণ শনাক্ত করা যায়নি।”
তিনি আরও জানান, “ওহিদুর পূর্বে বরিশাল মেট্রোতে কর্মরত ছিলেন এবং তার পরিবারও বরিশালে বসবাস করেন। দায়িত্ব পালন ও আচরণগত দিক থেকে তিনি ছিলেন শান্ত ও নিয়মিত। বদলি বা কর্মস্থল-সংক্রান্ত কোনো চাপ বা অসন্তোষের কথাও কখনো জানাননি। ফলে তার মৃত্যুর কারণ নিয়ে সহকর্মীরা বিভ্রান্ত ও বিস্মিত।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ তদন্তের অংশ হিসেবে ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সব দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওহিদুর রহমানের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
এমএআর/
