ডেস্ক রিপোর্ট:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ডিজেলচালিত যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতোলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাসের কোনো যাত্রী আহত হননি।
বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, “ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৩১৩৬) একটি লোকাল বাস যাত্রী নিয়ে রামগতির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কমলনগরের করইতোলা বাজারসংলগ্ন গুদাম সড়ক এলাকায় পৌঁছালে গাড়িতে হঠাৎ একটি শব্দ হওয়ার পরই আগুন ধরে যায়। দ্রুত সবাই বাস থেকে নেমে নিরাপদে বের হতে সক্ষম হন। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে জানতে চাইলে কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, “ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসে আগুন ধরে যায়। এতে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।” তবে কোনো যাত্রী আহত হয়নি বলেও জানান তিনি।
এমএআর/
