বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
বিদেশ ফেরত অভিবাসীদের সমাজে পুনঃএকত্রীকরণ ও সরকারি-বেসরকারি সেবায় সহজ প্রবেশ নিশ্চিত করতে নরসিংদীতে অনুষ্ঠিত হলো ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিদেশফেরত অনেক মানুষ দেশে ফিরে সমাজের মূলধারায় দ্রুত যুক্ত হতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী সরকারি-বেসরকারি সেবার সঙ্গে তাদের যুক্ত করতে পারলে সমাজ ও অর্থনীতির জন্য তা উপকারী হবে।” তিনি আরও জানান, “রেফারেল ব্যবস্থা শক্তিশালী হলে সেবাপ্রদানে গতি ও সমন্বয় বৃদ্ধি পাবে।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, “রেফারেল ব্যবস্থাপনা উন্নত করতে সব অংশীজনের সম্মিলিত কাজ প্রয়োজন। কর্মশালা আমাদের সমন্বয়কে আরও সুসংহত করবে।” কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য। তিনি ব্র্যাকের অভিবাসন কার্যক্রম, বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ সেবা এবং সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক বলেন, “বিদেশফেরত অভিবাসীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য বিভাগ ব্র্যাক ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করবে।” এ ছাড়া বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রাণীসম্পদ বিভাগ, পাসপোর্ট অফিস, ওয়েলফেয়ার সেন্টার ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা। তারা বিদেশ ফেরতদের জন্য নিজ নিজ সেবাখাতের সুযোগ-সুবিধা তুলে ধরেন এবং সমন্বিত রেফারেল ব্যবস্থায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্র্যাকের নরসিংদী জেলা টিম, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, প্রবাসবন্ধু ফোরাম সদস্য এবং বিদেশফেরত অভিবাসীরা। ব্র্যাক ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন, তথ্যসেবা, পুনঃএকত্রীকরণ সহায়তা, প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে। নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিদেশ ফেরতরা ব্র্যাকের এ প্রকল্প থেকে মনোসামাজিক কাউন্সেলিং, অর্থনৈতিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাচ্ছেন।
এমএআর/
