দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবে সবসময়ই কেন্দ্রীয় অবস্থানে ছিল বলে মন্তব্য করেছেন, যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ এখন অত্যন্ত সংবেদনশীল রূপান্তরের সময় অতিক্রম করছে। এমন সময়ে মানুষ কোনো দুঃসংবাদ শুনতে প্রস্তুত নয়। তাই বেগম জিয়ার সুস্থতা নিয়ে সবার উদ্বেগ স্বাভাবিক। জনমানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছে।” তিনি আশা প্রকাশ করেন, বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথচলাকে সামনে থেকে দেখবেন।
সেদিন রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশে গণ-অভ্যুত্থান সফল হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। এমন সময়ে আগামীর বাংলাদেশ গড়তে বেগম জিয়ার সুস্থ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। দেশবাসীর কাছে দলমত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া কামনাও করেন নুর।
টিএইচএ/
