টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানা সথিদের জোড় ইজতেমা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে গাজীপুরসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে পূর্ণ হয়ে ওঠে ইজতেমা ময়দান। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হওয়া আখেরি মোনাজাতে অংশ নেন প্রায় আড়াই লাখ মুসল্লি। ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ পাড়, আর দোয়ার মুহূর্তে ইজতেমা ময়দানজুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা আখেরি মোনাজাত পরিচালনা করেন—বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ।
জোড় ইজতেমা চলাকালে ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।
এদিকে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টিএইচএ/
