বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

by Nur Alam Khan

মানিকগঞ্জ-১ (শিবালয়–ঘিওর–দৌলতপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী এস এ জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে শিবালয়ের মহাদেবপুর এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী মহাসড়কের দুই পাশ দখল করে বিক্ষোভে অংশ নেন। প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে অবদানহীন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তারা দাবি জানান, তার জ্যেষ্ঠ ছেলে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলুই এ আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন। তাই দ্রুত জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিল করে আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণার দাবি জানান তারা।

বিজ্ঞাপন
banner

বিষয়টি জানতে ড. আকবর হোসেন বাবলুর মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বলা হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে একই সময়ে শিবালয়ের বরংগাইল এলাকায় জেলা কৃষকদলের বহিষ্কৃত সভাপতি তোজাম্মেল হক তোজার নেতৃত্বে আরও একটি দল জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কের পাশে বিক্ষোভ করে; যেখানে শতাধিক সমর্থক অংশ নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222