ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ১০ লাখ চারা গাছ রোপণ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে নগরের বিভিন্ন সড়ক ও মিডআইল্যন্ডের গাছের পরিচর্যা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে নতুন গাছ লাগানো হচ্ছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রেডিসন ব্লু হোটেলের সামনে চসিকের শীতকালীন বৃক্ষ পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিক মেয়র বলেন, “ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্যে চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ১০ লাখ গাছ রোপণে কাজ করছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চসিকের অর্থায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও কাজে লাগানো হচ্ছে সবুজায়নে।” তিনি আরো বলেন, “চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি অঞ্চলগুলোর জন্য পরিচিত। তাই এখানে গাছের গুরুত্ব আরো বেশি। শহরের দ্রুত বৃদ্ধির সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। চট্টগ্রামের পাহাড়ি এলাকার গাছপালা শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, তা ভূমি ক্ষয়রোধ, বন্যা ও ভূমিধস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নগরীর আশপাশের বনভূমি ও সবুজ অঞ্চলগুলো রক্ষা করা, নদী ও সমুদ্রের তীরবর্তী এলাকায় গাছ রোপণ করা—এসব উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ ও বাসযোগ্যতা উন্নত করতে সহায়তা করবে।”
এ সময় উপস্থিত ছিলেন চসিকের সহকারী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।
এমএআর/
