ডেস্ক রিপোর্ট:
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অভিযোগপত্রটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি আশুলিয়া থানা পুলিশ।
এর আগে ১০ ডিসেম্বর সকাল ৭টার দিকে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম কৃষ্ণ চন্দ্র সাহা (৪৪)। তিনি ঢাকা ধামরাই উপজেলার কুশুরা এলাকার জয়দেব সাহার ছেলে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা বাজারের জয় কালী স্টোরের মালিক ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র সাহা তার দোকানে বিক্রির জন্য প্রয়োজনীয় মালপত্র ক্রয় করে সাভারের নামাবাজারে আসছিলেন। তাকে বহনকারী কালো রঙের মিনি ট্রাকটি আশুলিয়ার সিন্দুরিয়া পুলিশ চেকপোস্ট পার হওয়ার পর দুটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটির গতিরোধ করে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা ১৩ লাখ টাকা এবং ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি রাতেই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র সাহা বলেন, “আমি মাঝেমধ্যে দোকানের মালপত্র নেওয়ার জন্য নামাবাজার আসি। বুধবার সকালে আমি আশুলিয়ার নয়ারহাট থেকে নামাবাজার সড়ক দিয়ে মালপত্র ক্রয়ের জন্য বাজারে আসার পথে সিন্দুরিয়া এলাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে আমার নগদ ১৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। আমি বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ করেছি।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেটি সাভার এবং আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা। এ ঘটনায় আমি বাদীকে আসতে বলেছি, কিন্তু আসছে না।” বাদী এলে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এমএআর/
