নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করলেও সবচেয়ে বেশি নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বদিউল আলম বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। সেইসাথে আইন ও বিধি-বিধান প্রয়োগ করতে হবে। একই সাথে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। সেইসাথে তাদের যে আইন ও বিধি-বিধান আছে, সেগুলো প্রয়োগ করতে হবে।
কারণ ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো ও তাদের প্রার্থীরা হয়তো আচরণবিধি সবই অমান্য করবে। নির্বাচন কমিশন এই পর্যন্ত কোন কঠোরতা দেখাতে পারে নাই। কাজেই ভবিষ্যতে নির্বাচন কমিশনের কঠোরতার ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। আর আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন সবচেয়ে বেশি নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর এবং তাদের প্রার্থীদের সদাচরণের ওপর।
এআইএল/
