আজ রবিবার (১৪ ডিসেম্বর ২৫ ঈ.) এশিয়া উপমহাদেশের প্রখ্যাত পীর ও মুর্শিদ, আলেমকুল শিরোমনি, সৎকর্মশীলদের প্রিয় শায়খ হযরত মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী মুজাদ্দিদী মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। হযরতের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।
এক শোকবার্তায় তিনি বলেন—“হযরতের ইন্তেকালের খবরটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক, তাঁর ধর্মীয় সেবা, উম্মাহর সংস্কারের সংগ্রাম এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বরকতময় জীবন ছিল কুরআন ও সুন্নাহর বাস্তবিক উদাহরণ। তিনি ছিলেন খোদাভীরু ও ন্যায়-নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত, ছিলেন উপমহাদেশের প্রখ্যাত এক আলেমেদ্বীন, নিবেদিতপ্রাণ দাঈ এবং ইসলাহে নফসের প্রথিতযশা রাহবারে কামেল। তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহ এক মহামূল্যবান দ্বীনি ব্যক্তিত্ব হারালো।
মুফতী আব্দুল্লাহ ইয়াহ্ইয়া দোয়া চেয়ে বলেন_ আমরা দোয়া করি আল্লাহ তা’আলা তাঁকে ক্ষমা করে মর্যাদা বৃদ্ধি করুন, , তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। তাঁর শিক্ষা, রাহনুমায়ী, খুলাফা ও বংশধারা থেকে সত্যিকারার্থে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। এবং আল্লাহ তাআলা তাঁর পরিবার-পরিজনসহ রেখে যাওয়া শিষ্য, ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার তাওফীক দান করুন ও উত্তম প্রতিদান দান করুন। আমিন!
শেষে তিনি সমগ্র জাতিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। যেন আল্লাহ তায়ালা তাঁর সকল আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ দরজা নসীব করেন।
এনআর/
