তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল মসজিদের আহলে শুরা সদস্য মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক ও তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, মাওলানা ফারুক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা ফারুক দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশে তাবলিগ জামাতের মেহনত ও দ্বীনি খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। কাকরাইল মারকাজের অন্যতম গুরুত্বপূর্ণ এই মুরব্বির মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট আলেম-উলামাগণ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার জানাজা ও দাফন প্রক্রিয়ার বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
টিএইচএ/
