আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৪ লাখ ১১ হাজার ৯০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন করা ভোটারদের মধ্যে ৩ লাখ ৮৪ হাজার ৯২৮ জন পুরুষ এবং ২৬ হাজার ১৬১ জন নারী।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালে দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।
২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে।
এআইএল/
