ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। এতে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা মোসা. হাসি বেগমকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে শরিফ ওসমান হাদিকে গুলিতে ব্যবহৃত অস্ত্রসহ মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, বান্ধবী মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের রিমান্ডে পাঠান।
টিএইচএ/
