ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

by Abid

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই দেশগুলো হলো: বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া

ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মঙ্গলবার দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষা নিশ্চিত করতে, স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য আদানপ্রদানে যেসব স্থায়ী ও গুরুতর ঘাটতি রয়েছে, সেই কারণেই এই নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয়েছে।”

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম স্থগিত করা হয়েছিল। ওই ১৯ দেশের মধ্যে ছিল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। পরে ৪ ডিসেম্বর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে জানান, এই তালিকায় অন্তত আরও ১৩টি দেশ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে সেই দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে একটি বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হওয়ায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নেয়ার আশা করা হয়েছিল। তবে সিরিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাশিত ছিল না, কারণ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের আগে শারার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

তবে আইএস-এর হামলায় সিরিয়ায় দুই মার্কিন সেনা এবং একজন দোভাষীর নিহত হওয়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ট্রাম্প এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “সিরিয়া দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু নাগরিকদের পাসপোর্ট ও অন্যান্য নথি প্রদানে যথাযথ কর্তৃপক্ষ ও যাচাই-বাছাই ব্যবস্থা নেই।”

তথ্য সূত্র: রয়টার্স

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222