ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি শুক্রবার জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত স্ত্রী, পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ভাষণে আরও জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে।
টিএইচএ/
