সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুবাইয়ে জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।
বৃষ্টির কারণে দুবাইয়ে কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে বেসরকারি খাতকেও রিমোট ওয়ার্ক নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেবলমাত্র অত্যাবশ্যকীয় কর্মীরাই অফিসে উপস্থিত থাকবেন।
এছাড়া নিরাপত্তাজনিত কারণে দুবাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গ্লোবাল ভিলেজ ও আইন দুবাই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে স্কাইডাইভ দুবাইয়ের সব কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
দুবাই পুলিশ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এদিকে সম্ভাব্য সামুদ্রিক ঝড়ের পূর্বাভাসের প্রেক্ষিতে দুবাই পুলিশ জনগণকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার প্রভাবে ৭টি ফ্লাইট বাতিল এবং ১৫টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
তবে আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রাত থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
